নিজস্ব প্রতিবেদক
আহত রেলগেট পশ্চিম পাড়ার রকি ও শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে ঢুকে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতে জখম করার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় নৃশংস এ হামলায় রকি (৩০) পিতা বাবু এবং শফিকুল ইসলাম (৪৪) পিতা আব্দুর রশিদ জখম হয়েছেন। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
আহতরা উভয়ই রেলগেট পশ্চিম পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। আহতদের মধ্যে রকির অবস্থা তুলনামূলক খারাপ হলেও বর্তমানে উভয়ই আশঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরোধের জেরে শনিবার সকালে চাঁচড়া ডাল মিল আদর্শ পাড়া এলাকার অভিযুক্ত যুবক ইমন ও তানভীর সহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি সংঘবদ্ধভাবে ভিকটিমদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রকি ও শফিকুল ইসলামকে গুরুতর জখম করে।
হামলার সময় ভিকটিমদের পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
ধ্রুব/এস.আই