নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিকে ফিরিয়ে দিয়েছে যশোর কোতায়ালি মডেল থানা পুলিশ। রোববার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উদ্ধারকৃত স্বর্ণালংকার ও ব্যাগটি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেন। গত ২৩ মার্চ বিকেলে শিশু হাসপাতাল থেকে বারান্দীপাড়া লিচুতলা যাওয়ার পথে সোনার অলঙ্কার ও টাকাপয়সা হারিয়ে যায়।
জানা গেছে, সদরের পাঁচবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খন্দকারের মেয়ে জেসমিন নাহার ওইদিন নিউমার্কেট শিশু হাসপাতাল এলাকা থেকে রিকশায় শহরের বারান্দীপাড়া লিচুতলা পূজা মন্দিরের সামনে গিয়ে দেখেন তার কাছে থাকা ব্যাগটি হারিয়ে গেছে। ব্যাগের ভিতর ৫ আনা ওজনের এক জোড়া সোনার কানের দুল, ৩ আনা ওজনের একটি সোনার আংটি, ৫ আনা ওজনের একটি সোনার চেইন, কিছু নগদ টাকা ও একটি বাংলালিংক সিম ছিল। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় একটি জিডি করেন।
গত ৩ এপ্রিল রাত আড়াইটার দিকে সদরের সাতমাইল এলাকা থেকে হারানো ব্যাগসহ স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। রোববার আনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপারের মাধ্যমে ওই নারীকে তার হারিয়ে যাওয়া গহনা ফিরিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মাসুম খানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
ধ্রুব/টিএম