কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি
জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে অভিনব কায়দায় ‘ট্যাঙ্কি ফুল’ ব্যবসার অভিযোগে জুনায়েদ মিয়া নামে এক যুবককে আটক করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেসার্স আয়েশা তেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জুনায়েদ ঝিনাইদহ সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক প্রথমে নিজের মোটরসাইকেলের ট্যাঙ্কি পূর্ণ করে সরকার নির্ধারিত মূল্যে পেট্রোল কেনেন। এরপর পাম্পের আড়ালে গিয়ে পাইপ দিয়ে সেই তেল বের করে অন্য মোটরসাইকেল আরোহীর কাছে প্রতি লিটার ৩০০ টাকা দরে বিক্রি করে দেন। একবার বিক্রি শেষ করে তিনি আবারও ট্যাঙ্কি ভর্তি করতে পাম্পে এলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তাকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেওয়া হয়।
প্রশাসনের ঝটিকা অভিযান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু উপায়ে তেল বিক্রির দায়ে ওই যুবককে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে অসাধু বাণিজ্য কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।