নিজস্ব প্রতিবেদক
যশোর টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার ছবি: ধ্রুব নিউজ
যশোর যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় অবস্থিত সরকারি মোবাইল অপারেটর টেলিটক অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরচক্র অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ এপ্রিল বিকেলে দাপ্তরিক কার্যক্রম শেষ করে ইনচার্জ সেলিম রেজা তাঁর সহকর্মীদের নিয়ে অফিস কক্ষ তালাবদ্ধ করে বাড়িতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা অফিসের পেছনের দিকের জানালার গ্রিল কেটে কৌশলে ভেতরে প্রবেশ করে। তারা অফিসের ভেতরের আলমারির তালা ভেঙে নগদ ২০,৩০০ টাকা হাতিয়ে নেয়। এছাড়া অফিসের কাজে ব্যবহৃত একটি পানির মোটর এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কপার পাইপ খুলে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে অফিস খোলার পর আসবাবপত্র ও মালামাল এলোমেলো দেখে চুরির বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়। এ ঘটনায় টেলিটক কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, জানালার গ্রিল কেটে চোররা ভেতরে প্রবেশ করেছিল। এই চক্রটিকে শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।