বেনাপোল প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট সাময়িক ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি পূর্বের মতোই খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
দীর্ঘ ১০ বছর ধরে মাওলানা মাহবুবুর রহমান এই মসজিদে জুমার খুতবা এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে ইমামতি করে আসছেন। গত ২১ মার্চ ঈদুল ফিতরের নামাজের খুতবায় তিনি খোলা মাঠে ঈদের নামাজ আদায় করার সুন্নাহ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। মসজিদের নির্মাণকাজ চলায় সেবার ঈদের জামাত মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয়েছিল। এই বক্তব্যকে কেন্দ্র করে খতিবের সাথে মসজিদ কমিটির কিছু সদস্যের মতবিরোধ তৈরি হয়। একপর্যায়ে খতিব দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে সাধারণ মুসল্লিদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
শুক্রবার জুমার নামাজের সময় এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শামছুর রহমান সাধারণ মুসল্লিদের সামনে ঘোষণা দেন যে, মাওলানা মাহবুবুর রহমান খতিব হিসেবে বহাল থাকবেন। সভাপতির এই সিদ্ধান্তে উপস্থিত মুসল্লিদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং শান্তিপূর্ণভাবে জুমার নামাজ সম্পন্ন হয়। নামাজ শেষে খতিব সবার কাছে দোয়া চান।