❒ এমন নেতৃত্ব প্রয়োজন যারা একইসাথে দেশপ্রেমিক ও দক্ষ : শিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক
নবনির্বাচিত সভাপতি উবাইদুল।লাহ ও মনোনীত সাধারণ সম্পাদক খালিদ ইবনে খলিল ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার ২০২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শাখা সভাপতি নির্বাচিত হয়েছেন উবাইদুল্লাহ হুসাইন এবং সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় শাখা সেক্রেটারি খালিদ ইবনে খলিল মনোনীত হয়েছেন।
আজ বুধবার এক জাঁকজমকপূর্ণ সদস্য সমাবেশের মধ্য দিয়ে এই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।
সংগঠনের স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন উবাইদুল্লাহ হুসাইন। পরবর্তীতে সদস্যদের সাথে পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি ২০২৬ সেশনের জন্য খালিদ ইবনে খলিলকে সেক্রেটারি হিসেবে বেছে নেন।
কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম-এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাল শাহেদী। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের এমন নেতৃত্ব প্রয়োজন যারা একইসাথে দেশপ্রেমিক ও দক্ষ। আজকের এই নবনির্বাচিত নেতৃত্ব ছাত্রসমাজের অধিকার রক্ষায় ও একটি সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিবিরের যশোর জেলার সাবেক সভাপতি গোলাম কুদ্দুস, সাবেক শহর সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক শহর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আশরাফুল ইসলাম, সাবেক শহর সভাপতি কামরুল ইসলাম শিহাব।