ধ্রুব ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সব এআই তৈরি চরিত্র দেখা যাচ্ছে, যাদের ভিডিও আসল মানুষের পোস্ট করা ভিডিওর প্রায় হুবহু মতো। ছবি: সংগৃহীত
এটি কি আসল, নাকি এআই? সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওর নিচে ক্রমশই এমন প্রশ্ন উঠছে, আর অনেক সময়ই তা বোঝা কঠিন হয়ে পড়ছে। তবে ডিজিটাল কারসাজির ক্ষেত্রে এখন একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সব এআই তৈরি চরিত্র দেখা যাচ্ছে, যাদের ভিডিও আসল মানুষের পোস্ট করা ভিডিওর প্রায় হুবহু মতো।
সংগীতশিল্পী থেকে শুরু করে নৃত্যশিল্পী ও কৌতুকশিল্পী—কনটেন্ট নির্মাতারা দেখছেন, তাদের পরিবেশনা নকল করছে এসব চরিত্র, যেগুলোকে মজার, বাস্তবসম্মত বা অতিমাত্রায় যৌনাবেদনময় রূপে তৈরি করা হয়েছে।
বিশেষজ্ঞরা এই কৌশলকে বলেন,রিস্কিনিং, এবং তাদের মতে সস্তা ও সহজে ব্যবহারযোগ্য এআই টুলের কারণেই এটি সম্ভব হয়েছে। একই কৌতুক বলতে বা একই নাচ পরিবেশন করতে দেখে—এমনকি ব্যাকগ্রাউন্ডও একই রকম দেখে—মানুষ বুঝতে পারছেন তাদের কাজ নকল করা হয়েছে। অনেক ক্ষেত্রেই আসল ভিডিওর চেয়ে এআই দিয়ে তৈরি ভিডিও লাখ লাখ বা কোটি ভিউ বেশি পাচ্ছে।
বিবিসি ভেরিফাই যেসব অ্যাকাউন্ট শনাক্ত করেছে, তার কিছু দেখা যাচ্ছে ভিউ ও লাইক বাড়াতে এবং শেষ পর্যন্ত আয় করার লক্ষ্যে এসব এআই ভিডিও ব্যবহার করছে। আবার অন্যদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তারা এআই নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মানুষকে হাসাতে কিংবা ভাইরাল হওয়ার সুবাদে যে মনোযোগ পাওয়া যায়, শুধু সেই আশায়। তবে এই প্রবণতায় ক্ষুব্ধ হয়েছেন কনটেন্ট নির্মাতারা, কারণ তাদের মতে তাদের মৌলিক কাজ চুরি করা হচ্ছে।
'এই অ্যাকাউন্টগুলোর অনেকগুলোই হাজার হাজার ভিউ ও ফলোয়ার পাচ্ছে, আক্ষরিক অর্থে কিছুই না করেই এবং আমাদের তৈরি কনটেন্ট চুরি করে', বলেন যুক্তরাজ্যভিত্তিক গিটারিস্ট সোফি লয়েড। তিনি মার্কিন র্যাপার মেশিন গান কেলির সঙ্গে সফর করেন এবং অনলাইনে নিজের শক্ত অবস্থান গড়ে তুলতে বছরের পর বছর শ্রম দিয়েছেন।
লয়েড জানান, তার পরিবেশনার ভিডিওগুলো বারবার রিস্কিন করা হয়েছে এমন সব অ্যাকাউন্ট থেকে, যেগুলো তার জায়গায় অতিমাত্রায় যৌনাবেদনময় এআই-তৈরি চরিত্র বসিয়ে দিয়েছে। একটি ফেসবুক অ্যাকাউন্ট,মিলা ভাসারি নামের এক গিটারিস্টের শত শত শর্ট ভিডিও প্রকাশ করেছে, যেগুলোর প্রতিটিই হাজার হাজার ভিউ পেয়েছে। বিবিসি ভেরিফাই দেখেছে, অন্তত তিনটি ভিডিও লয়েডের পরিবেশনা নকল করেছে এবং সেগুলোতে ঠিক একই সংগীত, অঙ্গভঙ্গি, এমনকি মুখের অভিব্যক্তিও ব্যবহার করা হয়েছে।
মিলা ভাসারি যে আসল কোনো মানুষ, তার কোনো প্রমাণ বিবিসি ভেরিফাই পায়নি। ভাসারি অ্যাকাউন্টের ভিডিওগুলোতে এমন কিছু দৃশ্যগত অসংগতিও দেখা গেছে, যা থেকে বোঝা যায় এগুলো তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে—যেমন বিকৃত আঙুল দিয়ে এমন কর্ড বাজানো যা সংগীতের সঙ্গে মেলে না, এবং গিটার বাজানোর সময়ও তারের কোনো নড়াচড়া না হওয়া।
কানাডা থেকে পরিচালিত হচ্ছে বলে ধারণা করা এই অ্যাকাউন্টটি এসব ভিডিওর উদ্দেশ্য নিয়ে করা প্রশ্নের কোনো উত্তর দেয়নি। এর প্রোফাইলে ফ্যানভিউ নামের একটি সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মে ভাসারিকে কেন্দ্র করে তৈরি একটি পাতার লিংক রয়েছে, যেখানে নির্মাতারা অ্যাডাল্ট কনটেন্টসহ বিভিন্ন কনটেন্টের বিনিময়ে অর্থ নিতে পারেন। এআই দিয়ে তৈরি গিটারিস্টকে সামনে রেখে পরিচালিত এমন আরও দুটি অ্যাকাউন্ট বিবিসি ভেরিফাই শনাক্ত করেছে, যেগুলো লয়েডের পরিবেশনা রিস্কিন করেছে এবং অ্যাডাল্ট কনটেন্ট বিক্রি ও প্রচারে ওই অ্যাভাটারগুলো ব্যবহার করছে।
তবে নিজের কনটেন্ট এআই দিয়ে কারসাজির শিকার হওয়ার ক্ষেত্রে লয়েড মোটেও একা নন।
'অন্য অনেক শিল্পী ও কনটেন্ট নির্মাতার কাছ থেকে আমি এমন অসংখ্য বার্তা পেয়েছি, যাদের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে,' বলেন নরওয়ের কনটেন্ট নির্মাতা কেজেটিল ক্রগস্ট্যাড। স্যুট পরে হাতে এক কাপ চা নিয়ে আনন্দে নাচার ভিডিওর জন্য তিনি বেশ পরিচিত।
মার্চ মাসে তার অনুসারীরা তাকে জানান যে, তার একটি ভিডিও এআই দিয়ে তৈরি একটি খরগোশের চরিত্র বসিয়ে রিস্কিন করা হয়েছে। মুছে ফেলার আগে পোস্টটি লাখ লাখ ভিউ অর্জন করে—যা ক্রগস্ট্যাডের মূল ভিডিওকেও ছাড়িয়ে গিয়েছিল। খরগোশের ওই ভিডিওর পেছনের অ্যাকাউন্টটি খতিয়ে দেখে ক্রগস্ট্যাড জানতে পারেন, এটি এআই-তৈরি কনটেন্ট থেকে কীভাবে অর্থ উপার্জন করা যায়, সে সংক্রান্ত কোর্সের প্রচার চালাচ্ছে।
অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের অনলাইন সংস্কৃতি বিশেষজ্ঞ ড. টিনা কেন্ডাল বলেন, এসব ভিডিও কখনো কখনো নিছক মজার ছলে তৈরি করা হলেও, প্রায়ই এই অ্যাকাউন্টগুলোর পেছনের ব্যক্তিরা দর্শক আকর্ষণ ও অর্থ উপার্জনের আশায় আগে থেকেই জনপ্রিয় প্রমাণিত হওয়া ভিডিও নকল করেন।
'ইতিমধ্যে প্রচলিত একটি ভাইরাল ধারণাকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে এই রিস্কিনিং টুলগুলোর মাধ্যমে নতুন করে ব্যবহার করার সুযোগই মানুষ এসব টুল থেকে পায়,' বলেন তিনি। কেন্ডাল বিষয়টিকে অনলাইনের বৃহত্তর 'হাসল কালচার' বা দ্রুত ও যেকোনো উপায়ে আয় করার সংস্কৃতির অংশ হিসেবে দেখেন। যেখানে বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহারকারীদের মনোযোগ ও সাড়াকে আয়ে রূপান্তর করতে চায়—তা প্রাপ্তবয়স্ক কনটেন্টযুক্ত ফ্যান পেজের সাবস্ক্রিপশনের মাধ্যমে হোক, মিম কয়েনের মতো ঝুঁকিপূর্ণ ক্রিপ্টোকারেন্সি পণ্যের মাধ্যমে হোক, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের মনিটাইজেশন সুবিধার মাধ্যমে হোক।
আর নকল করা এসব ভিডিওতে 'প্রচলিত অর্থে আকর্ষণীয়, শ্বেতাঙ্গ ও নারীসুলভ' চরিত্র তৈরি করা এতে বাড়তি সহায়তা করে বলে মনে করেন কেন্ডাল। তিনি বলেন, 'এ ধরনের কনটেন্টই সব সময় এগিয়ে থাকে এবং সফল হয়। এটি সৌন্দর্য, সাফল্য, আকাঙ্ক্ষা ও আকর্ষণীয়তার প্রচলিত সাংস্কৃতিক ধারণার সঙ্গে পুরোপুরি খাপ খেয়ে যায়।' সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক ডজন মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন এমন সব এআই-নির্ভর অ্যাকাউন্টের বিরুদ্ধে, যেগুলো অনুমতি ছাড়া তাদের কনটেন্ট ব্যবহার করছে।
'আমি এখন কতটা ক্ষুব্ধ, তা ভাষায় প্রকাশ করতে পারব না,' ইনস্টাগ্রামে বলেছেন ব্রিটিশ গাড়ি বিষয়ক কনটেন্ট নির্মাতা গ্রেস রবার্টস। ড্র্যাগ কার রেসে জিন্স পরে হাসিমুখে কানে হাত দিয়ে থাকা নিজের মূল ভিডিওর পাশে ছোট পোশাক পরা এক সোনালি চুলের নারীর এআই-তৈরি সংস্করণ দেখিয়ে তিনি বলেন, 'কেউ শুধু আমার ভিডিওই চুরি করেনি, বরং সমাজে মানুষ সাধারণত যেমনটি দেখতে চায়, আমাকে ঠিক তেমন রূপে বদলে দিয়েছে—আর এটিই আক্ষরিক অর্থে আমার পেশা।'
বিবিসি ভেরিফাইকে তিনি বলেন, 'আমি ভিডিও দুটি পাশাপাশি রেখে দেখেছি—আমার মুখের অভিব্যক্তি, শরীরের নড়াচড়া, এমনকি চারপাশের পটভূমি ও আশপাশের মানুষগুলোও হুবহু নকল করা হয়েছে। শুধু আমাকেই বদলে দেওয়া হয়েছিল।'
তিনি আরও বলেন, 'গাড়ির খরচ আমি বহন করি, গাড়ি আমি তৈরি করি, ক্যামেরা ও ভিডিও ধারণের সরঞ্জামের খরচও আমার—অথচ এরপর কেউ শুধু কম্পিউটারে ডাউনলোড করে সেটি বদলে ফেলে আমার ভিডিওর ওপর ভর করে অর্থ উপার্জন করছে।'
তার এই উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেছেন অন্য কনটেন্ট নির্মাতারাও। তাদের আশঙ্কা, এআই-তৈরি এসব অ্যাকাউন্টের কারণে তারা গুরুত্বপূর্ণ দর্শক পরিচিতি, অনুসারী ও সম্ভাব্য আয় হারাতে পারেন।
অনলাইনে এআইয়ের মাধ্যমে নিজের কৌতুক চুরির বিষয়ে প্রতিবাদ জানানো মার্কিন কৌতুকশিল্পী জুলিয়া জাসুনাস সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম ভিডিওতে বলেন, 'সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই এআই বটগুলো ভাইরাল হচ্ছে এবং মানুষ ভাবছে এরা আসল মানুষ।'
প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি আরও বলেন, 'কৌতুকশিল্পীরা অনলাইনে তাদের স্ট্যান্ড-আপ কমেডির ক্লিপ পোস্ট করেন যেন দর্শকরা সরাসরি এসে লাইভ কমেডি দেখেন।' এ সময় তিনি উল্লেখ করেন, মঞ্চে কৌতুকগুলো তৈরি করতে এবং সেগুলোকে আরও আকর্ষণীয় ও জোরালো করে তুলতে শিল্পীদের দীর্ঘ সময় ব্যয় করতে হয়।
এআইয়ের মাধ্যমে অনুমতি ছাড়া শিল্পীদের কাজ ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা দিতে নতুন আইনের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের বৃহত্তম বিনোদনকর্মী সংগঠন ইকুইটি। সংগঠনটির দাবি, প্রচলিত কপিরাইট আইন এ ক্ষেত্রে যথেষ্ট নয়।
তবে আইনি সুরক্ষাই এই চ্যালেঞ্জের একমাত্র দিক নয়। যারা এসব ভিডিও নকল করছে তাদের শনাক্ত করা এবং আবারও এমন কাজ করা থেকে বিরত রাখাও বেশ কঠিন হয়ে উঠতে পারে।
নকল করা এসব পরিবেশনা বন্ধ করা যেন এক অবিরাম লুকোচুরি বা হোয়াক-আ-মোল খেলার মতো—একটি বন্ধ করলে আরেকটি নতুন করে শুরু হয়, বলেন অলউইন ক্রুজ। সামাজিক যোগাযোগমাধ্যমে এআই সংগীতশিল্পীদের প্রকৃত রূপ তুলে ধরে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। তিনি বলেন, 'আপনি জানেনও না কে এই ভিডিওগুলো তৈরি করছে। আর আপনি যদি একটি অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তবে তারা শুধু আরেকটি খুলে ফেলবে।'
তিনি আরও বলেন, 'শুধু গিটারিস্টরাই নকলের শিকার হচ্ছেন না। ড্রামার ও তায়কোয়ান্দো খেলোয়াড়রাও নকল হচ্ছেন, এবং পুরো ইন্টারনেটেই আমি এমনটি দেখেছি।'
মেটা বিবিসি ভেরিফাইকে জানিয়েছে, অনুমতি ছাড়া কারও ভিডিও পুনরায় প্রকাশ করা হলে ব্যবহারকারীদের সতর্ক করার নীতি তাদের রয়েছে এবং যারা বারবার এমনটি করে, সেই অ্যাকাউন্টগুলোর নাগাল সীমিত করার উপায় তারা খতিয়ে দেখছে। এ সপ্তাহের শুরুতে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, যেসব নকল সহজে চোখে পড়ে না—যেমন কেউ কারও স্ক্রিপ্ট বা কৌতুক নিয়ে এআই ব্যবহার করে দৃশ্য বদলে দিল—সেগুলো ধরার উপায় নিয়েও প্ল্যাটফর্মটি দ্রুত কাজ করছে।
তবে লয়েডের মতো শিল্পীদের ক্ষেত্রে ক্ষতি হয়তো ইতিমধ্যেই হয়ে গেছে। তার কথায়, 'একটি বাদ্যযন্ত্র রপ্ত করতে বছরের পর বছর সময় লাগে, আর সেটিকে নকল করে অন্য রূপ দিতে লাগে মাত্র কয়েক সেকেন্ড—অথচ মানুষ বুঝতেই পারে না যে কাজটা আসলে আপনার।'