ধ্রুব নিউজ ডেস্ক
ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এর চালক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষদ ভবনের ওপরের কোনো একটি তলা থেকে নিচে পার্ক করে রাখা একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেলটি ছুড়ে মারা হয়। বিকট শব্দে ককটেলটি গাড়ির ওপর পড়লে সাথে সাথেই তা বিস্ফোরিত হয় এবং এতে গাড়ির ভেতরে থাকা চালক মারাত্মকভাবে জখম হন। ঘটনার আকস্মিকতায় আশপাশের লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাবি প্রক্টর ইসরাফিল রতন জানান, খবর পাওয়া মাত্রই বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা রক্ষাকারী টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ঠিক কোন তলা বা কোথা থেকে এই ককটেল ছোড়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পুরো ঘটনার তদন্ত চলছে এবং সরেজমিনে বিস্তারিত তথ্য সংগ্রহের পর বিস্তারিত জানানো হবে।
এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ব্যবসায় শিক্ষা অনুষদসংলগ্ন ‘শ্যাডো’ হিসেবে পরিচিত এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দ্বিতীয় এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কাছে থাকা একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল হামলার ঘটনা এটিই প্রথম নয়। গতকালও টিএসসির সংলগ্ন ব্যস্ত সড়কে একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। একের পর এক এমন সহিংস ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে নিরাপত্তার চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।