ধ্রুব নিউজ ডেস্ক
এলিজা জামান ছবি: বিএনপি মিডিয়া সেল
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। সোমবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও নিয়োজিত রয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সংরক্ষিত নারী আসনে তাঁকে মনোনয়ন দেওয়ায় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং বুধবার এর বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে। পরবর্তীতে ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের বিদ্যমান নিয়ম অনুযায়ী এই আসনটি বিএনপির জন্যই বরাদ্দ থাকায় অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সুযোগ নেই। মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকলে নিয়ম অনুযায়ী বিএনপির প্রার্থী এলিজা জামানেরই নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ফলে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না, বরং যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির আনুষ্ঠানিকতা শেষেই তাঁকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরবর্তীতে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।