ঝিকরগাছা প্রতিনিধি
নিহত দুই শিশু ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় গরুবাহী নসিমন ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাঁদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা দেখতে বের হয়েছিলেন সাধন কুমার। পথে ফুলতলা এলাকায় তাঁদের বহনকারী ভ্যানের সঙ্গে গরুবাহী নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় সাধন কুমার, তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনায় নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চালককে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।
পূজা দেখতে যাওয়ার পথে দুই সন্তানকে হারিয়ে শোকাহত পরিবারটি। মর্মান্তিক এ ঘটনায় মিশ্রীদেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, আমাদের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। আমিও সেখানে যাচ্ছি, রাস্তায় আছি।