নিজস্ব প্রতিবেদক
জব্দকৃত ভারতীয় পণ্য ছবি: ধ্রুব নিউজ
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, চকলেট ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৭ হাজার টাকা।
শনিবার (১৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ৪৫টি শাড়ি, একটি থ্রিপিস, দুটি টি-শার্ট, ১১টি কম্বল, এক প্যাকেট ফুচকা, ১৫১টি চকলেট, সাত প্যাকেট খৈনি ও ১২৩টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৭ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার এবং পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।