Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, ৩২ মণ্ডপে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:০৯ পিএম
শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, ৩২ মণ্ডপে উৎসবের আমেজ

ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভায় শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উপজেলার ৩২টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

দুর্গোৎসবকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে চলছে ব্যস্ততা। প্রতিমাশিল্পীদের নিপুণ হাতে তৈরি প্রতিমায় ফুটে উঠেছে দেবী দুর্গার নানা রূপ। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, প্রতি বছরের মতো এবারও উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শার্শা ও বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

শার্শা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীলকমল সিংহ জানান, উপজেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপনের জন্য প্রশাসন ও স্থানীয় পূজা কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

এদিকে বেনাপোল পৌরসভার পাটবাড়ী দুর্গামন্দিরে গিয়ে দেখা যায়, পূজার অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেনাপোল পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল জানান, পৌর এলাকার মণ্ডপে এবার চারটি প্রতিমা তৈরি করা হয়েছে। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি সামাল দেওয়া এবং উৎসবকে বর্ণিল করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

উৎসব ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। শার্শা বাজারের স্বর্ণ ব্যবসায়ী উজ্জল কুমার বিশ্বাস বলেন, ‘পূজার এই দিনগুলোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আশা করছি, ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে এবারের দুর্গোৎসব আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ হবে।’

এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়িয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। গত শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় বেনাপোলের রহমান চেম্বারে অবস্থিত হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে উপজেলা পর্যায়ের পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে ব্যক্তিগত উদ্যোগে নগদ আর্থিক অনুদান তুলে দেন তিনি। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আশ্বস্ত করেন বলে জানানো হয়।

দুর্গোৎসবকে ঘিরে শার্শা ও বেনাপোলের বিভিন্ন জনপদে এখন উৎসবের প্রস্তুতি। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশে এবারের দুর্গোৎসব উদ্‌যাপিত হবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)