নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের অভয়নগরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অভয়নগরের নওয়াপাড়া ইনস্টিটিউটে উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রবিউল ইসলাম।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, "অভয়নগরে দুর্গাপূজা যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সে জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতিটি এলাকায় সতর্ক থাকতে হবে। পূজা মন্দির কমিটিকে সব ধরনের সার্বিক সহযোগিতা দিতে হবে।"
পূজা চলাকালে কঠোর সাংগঠনিক বার্তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "পূজায় কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভাটি সঞ্চালনা করেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু নঈম মোড়ল (সভাপতি, নওয়াপাড়া পৌর বিএনপি), কাজী গোলাম হায়দার ডাবলু (সাধারণ সম্পাদক, অভয়নগর থানা বিএনপি), রেজাউল করিম মোল্লা (সাধারণ সম্পাদক, নওয়াপাড়া পৌর বিএনপি), শেখর কুমার সাহা (সভাপতি, অভয়নগর উপজেলা পূজা উদযাপন কমিটি), শংকর কুমার সিংহ (সিনিয়র সহ-সভাপতি, অভয়নগর উপজেলা পূজা উদযাপন কমিটি)।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ ছাড়াও অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।