চৌগাছা প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) চৌগাছা উপজেলা পরিষদের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ইউএনও ফারজানা ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ সালাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক, চৌগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম, চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাহরিয়ার আহমেদ ইমন ও সহসভাপতি জেসান উদ্দিন।
অনুষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, সতর্কতা এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
দুর্যোগের ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।