নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় নুরুল আলম (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা বাজারের ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত নুরুল আলম উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা এবং কুষ্টিয়া-ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহশিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নুরুল আলম চৌগাছা বাজারের ওই সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা-ট-১১-০১৯৩ নম্বরের একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে পাঠানো হয়। পরে যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি ও এর চালক শাহীনকে (৪৮) আটক করেন। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার বাসিন্দা। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নেয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, “সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”