নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের আশ্রম রোডের একটি দোকানের টিনের ছাউনি কেটে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে "মা টি স্টোর অ্যান্ড ভ্যারাইটিস স্টোর" নামক দোকানে এই ঘটনা ঘটে।

দোকান মালিক আহাদ আলীর স্ত্রী পপি জানান, তার স্বামী সোমবার রাত সাড়ে দশটার দিকে বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার (১৩'অক্টোবর) সকাল ছয়টার দিকে দোকান খুলে দেখতে পান দোকানের মালামাল সব এলোমেলো। উপরের টিন কাটা। ক্যাশ বাক্সে রাখা নগদ ৭০ হাজার টাকা, ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, একটি ইলেকট্রিক চুলা, সাবান, ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন মালামাল নেই। সোমবার রাতে যে কোন সময় অজ্ঞাত চোর বা চোরচক্র টিনের ছাউনি কেটে দোকানের মধ্যে ঢুকে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পরে বিষয়টি তিনি আশেপাশের লোকজনদের জানান এবং কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ করেন।
তবে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, এখনো পর্যন্ত এমন ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।