নিজস্ব প্রতিবেদক
ভাঙচুর ও মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তামিম আবু উমামা। ছবি: ধ্রুব নিউজ
যশোরে বাড়িতে হামলা, গাড়ির গতিরোধ করে শারীরিকভাবে লাঞ্ছিত, ভাঙচুর ও মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তামিম আবু উমামা। রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে শহরের পূর্ববারান্দি মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার লোকমান হোসেনের ছেলে তামিম আবু উমামা অভিযোগ করেন, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার আনোয়ার হোসেন, তাঁর মেয়ে ফারজানা খাতুন ঐশী, ভাই দেলোয়ার হোসেনসহ কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ে ঐশীর সঙ্গে তাঁর বিয়ের আলোচনা হয়েছিল। পরে কাবিনের টাকা নিয়ে মতবিরোধের কারণে বিয়ের প্রস্তাব বাতিল করা হলে তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। এর জের ধরে তাঁকে জড়িয়ে একের পর এক মোট ছয়টি মামলা করা হয়েছে, যার মধ্যে চারটি আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যার ফলে বসতঘরের ক্ষয়ক্ষতি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া গত ৮ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিটে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে তাঁর গাড়ির গতিরোধ করে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার ভিডিও মুঠোফোন ও গাড়ির ড্যাশ-ক্যামেরায় সংরক্ষিত আছে এবং প্রয়োজনে তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
তামিম অভিযোগ করেন, তাঁদের দায়ের করা মানহানির মামলা তুলে নিতে প্রভাবশালী মহলের মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে। বর্তমানে তিনি, তাঁর বাবা ও পরিবারের অন্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের হামলার আশঙ্কা করছেন।
সংবাদ সম্মেলনে তামিম বাড়িতে হামলা, গাড়ির গতিরোধ করে লাঞ্ছিত করা ও ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।