নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে ৭ তলা বিশিষ্ট আধুনিক আবাসিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ
যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে ৭ তলা বিশিষ্ট আধুনিক আবাসিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর ২০২৬) যশোর শহরের মণিহার সিনেমা হল সংলগ্ন ঢাকা রোড এলাকায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আলোচনায় পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে এবং স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিতকরণে এ ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
ফলকে উল্লেখিত তথ্যানুযায়ী, 'পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ' শীর্ষক প্রকল্পের আওতায় এ নির্মাণকাজ পরিচালিত হচ্ছে। নির্মিতব্য ৭ তলা বিশিষ্ট এই আবাসিক ভবনে পরিচ্ছন্নতা কর্মী ও তাদের পরিবারের জন্য মোট ৪৮টি আধুনিক ফ্ল্যাটের সুযোগ-সুবিধা থাকবে।
প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), যশোর। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি পরিচালনা করছে নাটোরের বনপাড়ার 'মীম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড'।