নিজস্ব প্রতিবেদক
ইট গেথে দখল চেষ্টা চালানো হয়। ছবি: সংগৃহীত
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যশোর শহরের পুরাতন কসবা মৌজায় সরদার স্টেটের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞার বিষয়টি জানা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন ওই জমিতে ইট, খোয়াসহ নির্মাণসামগ্রী রেখে দখলের পাঁতারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সরদার স্টেটের মালিক সায়াদ হোসেন।
সর্বশেষ আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সুমন ও আসাদ নামের দুই ব্যক্তি স্থানীয় বিএনপি নেতা মানিকের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে গিয়ে ওই জমি দখলের চেষ্টা চালান বলে জানা গেছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর জমি দখলের ষড়যন্ত্রের অভিযোগে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সায়াদ হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরতলীর আরবপুর এলাকার বাসিন্দা সায়াদ হোসেনরা পৈতৃক সূত্রে পুরাতন কসবা মৌজায় আরএস ৬০৬ ও ৬০৭ খতিয়ানের ৬০৫৮ দাগে ১৬৪ দশমিক ৫০ শতক জমির মালিক। এই সম্পত্তি নিয়ে যশোর সদর সিনিয়র সিভিল জজ আদালতে দেওয়ানী ৭৩/২৬ নম্বর মামলা চলমান রয়েছে। উক্ত মামলায় আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
সায়াদ হোসেন জানান, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানা সত্ত্বেও মামলার বিবাদী আসাদুজ্জামান, সুমন হোসেন ও রাজুসহ কয়েকজন পৈতৃক সম্পত্তিতে ইট ও খোয়া ফেলে দখলের চেষ্টা করছেন। মালামাল সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি। এতে তারা পৈতৃক সম্পত্তি স্বাভাবিকভাবে ভোগদখল করতে পারছেন না।
অভিযোগে আরও বলা হয়, শুক্রবার সকালে আসাদুজ্জামান, সুমন ও রাজুর উপস্থিতিতে ওয়ার্ড বিএনপি নেতা মানিকের নেতৃত্বে মিলন, মথু, সেলিম, সিদ্দিক, মধু, জাহিদ ও হ্যাপি সহ একদল লোক গিয়ে জমি দখলের চেষ্টা করে। সায়াদ হোসেন ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় সায়াদের স্বজনেরা ঘটনার ভিডিও ধারণ করতে গেলে মানিক ও তার লোকজন চরম ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেন এবং জোরপূর্বক মোবাইল থেকে ভিডিওটি মুছে (ডিলিট) ফেলতে বাধ্য করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।