বেনাপোল প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
বেনাপোল স্থলবন্দরে কাস্টমসের জব্দ করা সিলগালা শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের আমদানিকৃত পণ্য গায়েব ও আদল-বদলের ঘটনায় সহকারী পরিচালক কাজী রতনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ–সংক্রান্ত আদেশ জারি করে।
বন্দর কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, কাজী রতন বেনাপোল স্থলবন্দরের সার্কেল-২-এর সহকারী পরিচালক হিসেবে ১৫, ১৯, ৩৬, ৩৭, ৩৯ ও ৪২ নম্বর শেডের দায়িত্বে ছিলেন।
নথি সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ভারত থেকে একটি পণ্যচালান বেনাপোল বন্দরে আসে। কাস্টমস কর্মকর্তারা চালানটি কায়িক পরীক্ষা করার সময় ঘোষণাবহির্ভূত পণ্য পাওয়ায় তা জব্দ করে ৩৭ নম্বর শেডে রেখে সিলগালা করে দেন। পরবর্তীতে ওই সিলগালা শেড থেকে পণ্য সরিয়ে অন্য মালামাল রাখার অভিযোগ ওঠে।
আদেশে আরও উল্লেখ করা হয়, ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ শাহজালাল শেডের চাবির একটি সেট ভারপ্রাপ্ত শেড ইনচার্জ আবুল খায়েরকে না দিয়ে সহকারী পরিচালক কাজী রতনের কাছে হস্তান্তর করেন। এরপর গত ৬ জুন রাতে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সিলগালা শেডে প্রবেশ করে ভেতরের পণ্য পরিবর্তন করে। ওই সময় শেডটির একটি চাবি কাজী রতনের কাছেই ছিল।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরদিন ৭ জুন শেডটির সিলগালা কাটা এবং পণ্য পরিবর্তনের বিষয় চোখে পড়লেও কাজী রতন কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেননি। ঘটনায় তার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ২৬ জুলাই তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, অপরাধের গুরুত্ব ও মাত্রা বিবেচনায় কাজী রতনকে দায়িত্বে বহাল রাখা সমীচীন নয় মনে করে বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।