নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়ায় দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগের প্রতিকারে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন এলাকাবাসী। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার। এতে লেখা রয়েছে—‘হ্যালো, আমি ভাঙাচোরা রাস্তা, লাইট, ড্রেন ও ডাস্টবিনবিহীন ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়াবাসী বলছি।’
শুক্রবার সকালে সিটি কলেজপাড়া ঘুরে বিভিন্ন সড়কের মোড়ে এমন বেশ কয়েকটি ব্যানার দেখা যায়। ব্যানারে আরও লেখা রয়েছে, ‘আমরা পৌরকর, ভ্যাট সবই পরিশোধ করি। তাহলে আমরা কেন পৌরসেবা থেকে বঞ্চিত? আমরা ভোটও প্রদান করি, তাহলে কেন আমরা অবহেলিত?’ ব্যানারের নিচে প্রচারকারী হিসেবে লেখা রয়েছে—‘সিটি কলেজপাড়ার ভুক্তভোগী জনগণ।’
এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সিটি কলেজপাড়ার বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোথাও ভাঙাচোরা পিচঢালা রাস্তা, আবার কোথাও উঁচু-নিচু ইটের সলিং। এসব সড়কে চলাচলের সময় প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
বাসিন্দারা জানান, শুধু সড়কের দুরবস্থাই নয়, সন্ধ্যার পর এলাকার অনেক সড়ক অন্ধকারে ডুবে থাকে। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বাড়ে পথচারীদের নিরাপত্তাহীনতা ও দুর্ভোগ। একই সঙ্গে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় মারাত্মক জলাবদ্ধতা। এছাড়া ডাস্টবিন না থাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের।
তাদের দাবি, এসব সমস্যা সমাধানের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুফল মেলেনি। ফলে বাধ্য হয়েই দীর্ঘদিনের ক্ষোভের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে এই ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা।
রাস্তার মোড়ে মোড়ে টাঙানো এসব ব্যানার এখন স্থানীয়দের নাগরিক অধিকার ও মৌলিক পৌরসেবা নিয়ে বড় প্রশ্ন তুলে ধরেছে—পৌরকর ও ভ্যাট পরিশোধের পাশাপাশি নিয়মিত ভোটাধিকার প্রয়োগের পরও কেন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন সিটি কলেজপাড়াবাসী?
এলাকাবাসী দ্রুত ভাঙাচোরা সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং বর্জ্য অপসারণের জন্য দ্রুত ডাস্টবিন স্থাপনের জোর দাবি জানিয়েছেন।