Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গদখালী রেলস্টেশন পরিদর্শনে দুই এমপি: দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৭:৪৩ পিএম
গদখালী রেলস্টেশন পরিদর্শনে দুই এমপি: দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে

ছবি: ধ্রুব নিউজ

ফুলের রাজধানীখ্যাত গদখালীতে রেলস্টেশন সংস্কার ও যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি চালুর লক্ষ্যে ফুলচাষী ও ব্যবসায়ীদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে গদখালী এলাকার এলজিইডি নির্মিত বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রের মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর ১২টার দিকে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এবং সংসদ সদস্য সাবিরা সুলতানা রেলওয়ের ঊর্ধ্বতন প্রতিনিধি দল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গদখালী রেলস্টেশনটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পর ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।

সভায় প্রধান অতিথি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তৎকালীন জেলা প্রশাসক গদখালী রেলস্টেশন চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছিলেন। তবে দাপ্তরিক নথিতে গদখালী স্টেশনের পরিবর্তে ‘পানিসারা রেলওয়ে স্টেশন’ হিসেবে উল্লেখ থাকায় জটিলতা তৈরি হয়। পরবর্তীতে তদন্তে পানিসারায় বাস্তব কোনো স্টেশনের অস্তিত্ব না পাওয়ায় প্রক্রিয়াটি থমকে যায়। তিনি আরও জানান, গদখালী রেলস্টেশন পুনরায় চালুর জন্য সঠিক পরিকল্পনা ও সময় প্রয়োজন এবং এ বিষয়ে দুই সংসদ সদস্য একসঙ্গে কাজ করছেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা বলেন, “দীর্ঘদিন ধরে চলে আসা গদখালীর মানুষের এই যুক্তিসঙ্গত দাবির এতদিন কোনো দৃশ্যমান অগ্রগতি ছিল না। আজ আমরা সেই সম্ভাবনা বাস্তবায়নের দোরগোড়ায় পৌঁছেছি।” তিনি জানান, ইতোমধ্যে বিষয়টি নিয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। ফুল রপ্তানির বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের চাহিদা মিটিয়ে বিএডিসির মাধ্যমে বিদেশে ফুল রপ্তানি শুরু হয়েছে এবং সামনে এই পরিসর আরও বড় করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, বিভাগীয় যোগাযোগ কর্মকর্তা হাসিনা খাতুন, ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী, ফুলচাষী প্রতিনিধি মীর আব্দুর রকীব এবং ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনজুরুল আলম।

এছাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খান, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবি মুরাদ, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লিটু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশফাকুজ্জামান খান রনিসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা উল্লেখ করেন, গদখালী দেশের অন্যতম বড় ফুল বিপণন কেন্দ্র। রেলস্টেশনটি দ্রুত সংস্কার করে যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি চালু করা হলে ফুল পরিবহনে সময় ও খরচ অনেকটাই কমে আসবে। এর ফলে সারাদেশে তাজা ফুল দ্রুত পৌঁছে দেওয়ার পথ সুগম হবে এবং স্থানীয় অর্থনীতি আরও চাঙ্গা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)