নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন দীপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মৎস্যচাষী এস এম আব্বাস আলী ও নওয়াব আলী সরদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, অভয়নগর মৎস্য চাষের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এ অঞ্চলে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের মাছ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ বাড়ানো গেলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
তারা আরও বলেন, মৎস্য খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ জড়িত। এই খাতের সার্বিক উন্নয়নের মাধ্যমে চাষিদের আয় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এ জন্য চাষিদের যথাযথ প্রশিক্ষণ, সরকারি-বেসরকারি সহায়তা প্রদান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।
সভায় অভয়নগরের মৎস্য খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং চাষিদের নানা সমস্যা ও তা সমাধানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।