নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় যশোর শহরের বড় বাজারে বিক্রি নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিক্রি নিষিদ্ধ এই জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা প্রায় ৮০০ মিটার চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বড় বাজারের ব্যবসায়ী বারান্দীপাড়া এলাকার সুজন পালকে ২০ হাজার টাকা এবং বেজপাড়া এলাকার সুভাল পালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে জব্দ করা বিক্রি নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিক্রি নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার ও বাণিজ্য বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব জাল ব্যবহারের ফলে নির্বিচারে রেণুপোনা, ছোট-বড় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ধরা পড়ে, যা দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
তারা আরও জানান, বিক্রি নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।