নিজস্ব প্রতিবেদক
জেলা জামায়াতের আমির সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবনের সামনে হট্টগোল। ছবি: ধ্রুব নিউজ
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনের সামনে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। তার মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার অনাকাঙ্ক্ষিত ও মারমুখী আচরণের জের ধরে আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গত সোমবার স্থানীয় একটি কওমী মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিন বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় এমপির মেয়ে অনন্যার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে অনন্যা নিজেই পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষকে শান্ত করে বিষয়টি মীমাংসা করে দেয়।
আজ মঙ্গলবার সকালে মাদ্রাসা শিক্ষক নাসির উদ্দিন ও কয়েকজন অভিভাবক সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের কাছে বিষয়টি অবগত করতে যান। এ সময় এমপি গোলাম রসুল তাদের জানান, বিষয়টি আগের দিনই পুলিশ মীমাংসা করে দিয়েছে। তা ছাড়া তার মেয়ে একজন মানসিকভাবে অসুস্থ, যার আচরণের ওপর পরিবারের সবসময় পূর্ণ নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। সংসদ সদস্যের এই বক্তব্যে উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের একাংশ সন্তুষ্ট হতে না পেরে বাসার সামনে হট্টগোল শুরু করে।
একপর্যায়ে অনন্যা হঠাৎ বাসা থেকে বের হয়ে শিক্ষক নাসির উদ্দিনের গালে চড় বসিয়ে দেন। এ সময় উপস্থিত এক অভিভাবকের মাথায় (আয়াতের মা) তালা দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি অবনতি হতে দেখে সংসদ সদস্য দ্রুত ঘর থেকে বের হয়ে মেয়ে অনন্যাকে সামলে বাড়ির ভেতরে নিয়ে যান।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেন এবং প্রতিবাদ জানাতে থাকেন।
সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যশোর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ(ওসি) মাসুম খান জানান, "এমপি মহোদয়ের মেয়ের সাথে পূর্বে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে উভয় পক্ষের সাথে কথা বলি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে। এই ঘটনায় নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরিবারের সার্বিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে।"
পুরো ঘটনাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল জানান, তার মেয়ে মানসিকভাবে অসুস্থ হওয়ায় অনিচ্ছাকৃতভাবে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। মেয়ের এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন।