নিজস্ব প্রতিবেদক
সমাজকে অপরাধমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম এবং প্রেস ও ছাপাখানা মালিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম সংক্রান্ত প্রচার-প্রচারণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।
আজ সকালে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর জেলা প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, "সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে প্রেস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার, গুজব এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
মতবিনিময় সভায় পুলিশ বাহিনীর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ('ক' সার্কেল) আহসান হাবীব এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া সভায় যশোর জেলা প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা অংশ নেন।