নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ী রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। ছবি: ধ্রুব নিউজ
যশোরে এক ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, ফ্ল্যাট দখল, সন্তানকে হত্যার হুমকি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ী রফিকুল ইসলাম এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, পারিবারিক শত্রুতা ও কাবিননামাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রীর পরিবার অনৈতিকভাবে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করছে। কাবিননামার ২ লাখ টাকা পরিশোধে তিনি সম্মতি জানালেও সেটি ঢাল হিসেবে ব্যবহার করে সাবেক স্ত্রী লামিয়া ইসলামের মা শাহানারা বানু এবং বোন রাবেয়া ইসলাম তাকে নানাভাবে হয়রানি করছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, "আমার কষ্টার্জিত উপার্জনে কেনা ফ্ল্যাট দখল করে রাখা হয়েছে। ফ্ল্যাট ছেড়ে দিতে বললে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে আমার সন্তানকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।" এছাড়া মাদক বা অবৈধ অস্ত্র দিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।
তিনি জানান, যশোর শহরের লালদিঘির পূর্ব পাশে 'মোবাইল বাজার অন' নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১ জুলাই সেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাসহ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে জিম্মি ও ভাঙচুর চালায়। পরে ৯৯৯-এ ফোন দিলে প্রশাসনের সহযোগিতায় তিনি উদ্ধার হন। পরবর্তীতে ১৩ জুলাই বড়বাজার এলাকায় তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান 'আরিফ ভান্ডার'-এও হামলার ঘটনা ঘটে।
আইনি পদক্ষেপ ও নিরাপত্তার দাবি জানিয়ে তিনি বলেন, "ব্যবসায়িক পুঁজি ও ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে আমার নামে ৪৯ লাখ টাকার ঋণ রয়েছে, যার পর্যাপ্ত প্রমাণ ও নথিপত্র আছে। তারা আমাকে ফ্ল্যাট কেনা বা অন্য কোনো বাবদ কোনো অর্থ দেয়নি। আমি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং গত ২০ জুলাই আদালতে আবেদন জানিয়েছি। বর্তমানে বিষয়টি জজ কোর্টের নির্দেশে ওসির তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।"
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ব্যবসায়ী অবাধে ব্যবসা পরিচালনা, দখলকৃত ফ্ল্যাট উদ্ধার এবং নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রফিকুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম, যশোর জেলা ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি মঙ্গল শিকদার, সাধারণ সম্পাদক আদনান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কংকন কুণ্ডু, সদস্য রায়হান ইসলাম, সদস্য আবু সাঈদ ও সদস্য আমিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।