নিজস্ব প্রতিবেদক
সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: ধ্রুব নিউজ
পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, "শুধু গাছ লাগালেই হবে না, সেটির যথাযথ পরিচর্যাও করতে হবে।"
শুক্রবার যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অভিন্থির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সোনালী ব্যাংক যশোর জেনারেল ম্যানেজারস অফিস এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৯১ সালে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান এখন বৃক্ষরোপণ করছে।
পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।