নিজস্ব প্রতিবেদক
১০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মোস্তফা মোড়ল নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোস্তফা মোড়ল কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত মুনসুর মোড়লের ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৫ সালের ৭ অক্টোবর কেশবপুরের ভাল্লুকঘর ক্যাম্পের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাতবাড়িয়া বাজারে অভিযান চালায়। এ সময় স্থানীয় ঈদগাহর পাশ থেকে মোস্তফা মোড়লকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় ভাল্লুকঘর ক্যাম্পের তৎকালীন এসআই আবুল কালাম বাদী হয়ে মোস্তফা মোড়লের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামি মোস্তফার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত মোস্তফা মোড়ল বর্তমানে পলাতক রয়েছেন।