নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে ‘দোয়েল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ২ কোটি ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সমবায় সমিতির সাবেক ক্যাশিয়ার ও জাফরপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বাদী হয়ে যশোর আদালতে এই মামলা দায়ের করেন।
যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করার জন্য অভয়নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন—জাফরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ও দোয়েল বহুমুখী সমবায় সমিতির সভাপতি শেখ খসরু পারভেজ এবং একই গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে ও সমিতির সহ-সভাপতি শেখ সাহাদুল্লা।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৬ সালে শফিকুল ইসলামকে ওই সমিতির ক্যাশিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই সুযোগে আসামিরা সমিতির ৪৮৬ জন সাধারণ সদস্যের কাছ থেকে ডিপিএস ও সঞ্চয়ের নামে মোট ২ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৪৮৬ টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আসামিরা গ্রাহকদের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা আর ফেরত দেননি। এদিকে সাধারণ সদস্যরা তাঁদের জমাকৃত টাকা ফেরত না পেয়ে ক্যাশিয়ার শফিকুল ইসলামকে দায়ী করে বিভিন্নভাবে চাপ ও অপমান করতে থাকেন।
এরই প্রেক্ষিতে গত ২২ মে শফিকুল ইসলাম সমিতির কার্যালয়ে গিয়ে আসামিদের কাছে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার তাগিদ দিলে আসামিরা তাঁকে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। অবশেষে গ্রাহকদের টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।