নিজস্ব প্রতিবেদক
সড়কের পাশে ও ফুটপাতে অবৈধভাবে যানবাহন পার্কিং করা প্রাইভেট কার জব্দ করে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরকে যানজটমুক্ত ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক বিভাগ। অভিযানকালে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করার অপরাধে একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একই সাথে সড়কের পাশে যত্রতত্র যানবাহন রেখে বিঘ্ন সৃষ্টির দায়ে আরও ১০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার শহরের পাইপপট্টি, মাইকপট্টি ও চিত্রা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান।
ট্রাফিক পুলিশ জানায়, সড়কের পাশে ও ফুটপাতে অবৈধভাবে যানবাহন পার্কিং করায় শহরের সাধারণ মানুষের চলাচলেই শুধু বিঘ্ন ঘটছে না, সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এরই প্রেক্ষিতে আজ দ্বিতীয় দিনের মতো বিশেষ অভিযান চালিয়ে ফুটপাতে পার্কিং করা একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য ও যত্রতত্র গাড়ি রাখার অপরাধে ১০ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অভিযানকালে গাড়ির মালিকদের সতর্ক করার পাশাপাশি ফুটপাত দখল ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দোকানদারদেরও সচেতন করা হয়।
ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ এ কার্যক্রম পরিচালিত হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।
উল্লেখ্য, এর আগে গত সোমবারও ট্রাফিক পুলিশ শহরের দড়াটানা, হাসপাতাল মোড় ও এমকে রোডসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ এবং মামলা করেছিল।