নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত নওদা গ্রামের বৃদ্ধ জয়নাল বিশ্বাস(৭০) চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় চৌগাছা থানার দীঘলসিংহ গ্রামের মণ্ডলপাড়া মসজিদের সামনে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি যাওয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন বৃদ্ধ জয়নাল বিশ্বাস। এ সময় দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই মোটরবাইক চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ জয়নাল বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।