নিজস্ব প্রতিবেদক
৬০টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ছবি: ধ্রুব নিউজ
যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি’র উদ্যোগে উদ্ধারকৃত ৬০টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ভুক্তভোগীদের হাতে এসব ডিজিটাল ডিভাইস ও টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধার হওয়া মালামাল ও অর্থ হস্তান্তর করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। এ সময় তিনি সাধারণ মানুষকে মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) হওয়া ৬০টি হারানো মোবাইল ফোন তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং বিভিন্ন চক্রের প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা বিকাশ ও নগদ টাকার মধ্য থেকে ১২ জন ভুক্তভোগীর সর্বমোট ১ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করে তা ফেরত দেওয়া হয়।
একই সময়ে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি হ্যাক হওয়া ৮টি ইমো আইডি এবং ২২টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার (রিকভারি) করতে সক্ষম হয়েছে। পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় নিখোঁজ হওয়া ৮ জন ভিকটিম ও ব্যক্তিকে উদ্ধারে বিশেষ সহায়তা করেছে এই ইউনিট। এছাড়াও বেশ কিছু ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং অপরাধী গ্রেফতারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অর্থ ও মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলামসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোরের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।