চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদ মন্ডল ওরফে মান্দার (৮০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (২০ মে) দুপুর ১২টা ২০ মিনিটে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত মজিদ মন্ডল উপজেলার ষোলুয়া বাজার এলাকার মৃত হোসেন মন্ডলের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটে চৌগাছা উপজেলার ষোলুয়া বাজারের পাকা রাস্তা পার হচ্ছিলেন মজিদ মন্ডল। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।
এদিকে নিহতের বাড়িতে এখন স্বজনদের আহাজারি ও শোকের মাতম চলছে। হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে নিহতের স্বজনদের কান্নায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, ষোলুয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে এই সড়কে গতি নিয়ন্ত্রক (স্পিড ব্রেকার) স্থাপন এবং নিরাপদ পারাপারের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোর দাবি জানিয়েছেন।
চৌগাছা থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।