নিজস্ব প্রতিবেদক
তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন। ছবি: ধ্রুব নিউজ
যশোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘তুমি আমার ঠিকানা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলাকে সামনে রেখে রোববার বিকেলে যশোরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর বাসুদেব কুমার মালো, সিনিয়র সহকারি কমিশনার (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ মে সকাল ১০টা ৩০ মিনিটে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
এছাড়া ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হবে।
মেলায় ভূমি বিষয়ক বিভিন্ন সেবা বুথ থেকে জনগণকে অনলাইনে ল্যান্ড ডট হভ ডট কম পোর্টালে নিবন্ধন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, ই-পর্চা, মৌজাম্যাপ সংগ্রহ, অনলাইনে ডিসিআর ও ডাকযোগে খতিয়ান প্রাপ্তি, এলএ ক্ষতিপূরণের চেক গ্রহণসহ নানা সেবা দেওয়া হবে।
২০ মে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ভূমি সেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন জেলা প্রশাসকের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এক সেমিনার আয়োজন করা হবে।
মেলা চলাকালে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা, সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন তথ্যভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২১ মে সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, জেলা সদর ছাড়াও জেলার সব উপজেলায় ভূমিসেবা বুথ স্থাপন করে নাগরিকদের সেবা প্রদান করা হবে।
ধ্রুব/এস.আই