পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনারের দায়িত্ব দিয়েছে সরকার। ছবি: সংগৃহীত
পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনারের দায়িত্ব দিয়েছে সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার গত বৃহস্পতিবার অবসরে গেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পান। এর দুদিনের মাথায় নতুন কমিশনার পেল ডিএমপি।
এর আগে ১৬ মার্চ মোসলেহ উদ্দিনকে সিআইডিতে অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ করা হয়েছিল। প্রায় দুই মাসের ব্যবধানে তাকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হল।
মোসলেহ উদ্দিন চার দিন আগেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিআইডিতে বদলি হওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) এর দায়িত্বে ছিলেন। এ ছাড়া ডিএমপি, চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দায়িত্ব পালন করেছেন তিনি। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন মোসলেহ উদ্দিন আহমদ। তার পৈত্রিক বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়।