Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৮ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রধানমন্ত্রীর সফরের সুফল পেতে যাচ্ছে যশোরবাসী

বিশেষ প্রতিবেদক বিশেষ প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ০৭:৫৩ পিএম
প্রধানমন্ত্রীর সফরের সুফল পেতে যাচ্ছে যশোরবাসী

প্রধানমন্ত্রীর যশোর সফরের ধারাবাহিকতায় জেলাবাসী আগামীতে অসংখ্য উন্নয়নমূলক সুবিধা পেতে যাচ্ছে বলে জানিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। রোববার দুপুরে জেলা কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে অনুষ্ঠিত জেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই সুখবর জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, প্রধানমন্ত্রীর সফরের ধারাবাহিকতায় সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী যশোর সফর করে শিল্পকলা একাডেমি ও ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন এবং লাইব্রেরির বই ক্রয়ের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী চলতি মে মাসের ২২, ২৩ ও ২৪ তারিখে যশোরে একটি বইমেলা অনুষ্ঠিত হবে।"

তিনি আরও জানান, যশোরের ফুল সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার বিষয়ে করণীয় ও সম্ভাব্যতা যাচাই করতে আগামী ১৯ মে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা যশোর সফরে আসছেন। এছাড়া ১৯, ২০ ও ২১ মে যশোরে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপিত হবে। ১৯ মে সকাল সাড়ে ১০টায় টাউন হল ময়দানে এই সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সমন্বয় সভায় সরকারি চাল-গমের গুণগত মান নিয়ে খাদ্য অধিদপ্তরকে কঠোরভাবে সতর্ক করেন জেলা প্রশাসক। তিনি প্রশ্ন তোলেন, সরকার নির্ধারিত মূল্যে ধান-চাল কেনার পরও টিআর ও কাবিখাসহ সরকারিভাবে সরবরাহকৃত চাল বা গম কেন পচা হবে? ওজনে, পরিমাণে ও গুণগত মান নিয়ে কোনো ধরনের অনিয়ম অন্তত যশোরে ক্ষমা করা হবে না উল্লেখ করে তিনি জেলা খাদ্য কর্মকর্তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় জেলা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উত্থাপন করা হয়। জেলায় বর্তমানে অন্তত ৩৪টি সরকারি অফিসের নিজস্ব কোনো ভবন বা স্পেস নেই, যার ফলে সরকারকে প্রতি মাসে ভাড়া বাবদ ২১ লাখ ৭৩ হাজার টাকা গুনতে হচ্ছে। গণপূর্ত বিভাগ প্রস্তাব করে, আইটি পার্কের পড়ে থাকা খালি স্পেসগুলো যদি জেলা প্রশাসনের মাধ্যমে এই অফিসগুলোকে বরাদ্দ দেওয়া যায়, তবে সরকারের এই বিপুল অর্থ সাশ্রয় হবে। জেলা প্রশাসক এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গঠিত ৩ সদস্যের কমিটিকে ৫ সদস্যে উন্নীত করে আগামী ৫ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সভায় আইন-শৃঙ্খলা ও সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম। তিনি জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার ২১টি স্থায়ী ও ৮টি অস্থায়ী পশুর হাটে যাতে জাল টাকা প্রবেশ করতে না পারে, সেজন্য ক্রেতা-বিক্রেতা, হাট কমিটি ও প্রশাসনসহ সবাইকে সতর্ক থাকতে হবে। বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, জেলাজুড়ে বিশেষ করে অভয়নগর ও নড়াইলে অনলাইন জুয়ার ছোবল আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সন্তানদের ওপর কড়া নজর রাখতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এছাড়া পুলিশের বিশেষ অভিযানে চলতি মাসে এ পর্যন্ত ১২৪টি মাদক ও অস্ত্র মামলা হয়েছে এবং ১৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় জানানো হয়, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য ৫৩৯ মেট্রিক টন লবণের প্রয়োজন হবে, যার কোনো সংকট নেই। পশুর খামারি ও কৃষকরা যেন ন্যায্য মূল্য পান, সেদিকে নজর রাখার অনুরোধ জানায় বিভাগটি।

বেনাপোল বন্দর দিয়ে গত এপ্রিল মাসে ভারত থেকে ৬ লাখ ৭০ হাজার ১৭৬ ডলার মূল্যে প্রায় ১ হাজার ৭৪৬ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে ৩৮ লাখ ৮৬ হাজার ২৫০ ডলার মূল্যে প্রায় ১ হাজার ৪৩৫ মেট্রিক টন মাছ রপ্তানি হয়েছে।

চলতি মৌসুমে বন বিভাগের উদ্যোগে রাস্তার পাশে ২২৮ কিলোমিটার জুড়ে সামাজিক বাগান সৃজন করা হবে।

সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাফায়াত হোসেন, ডিডিএলজি ও পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম শাহীন এবং প্রেসক্লাব যশোর-এর সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)