অভয়নগর (যশোর) প্রতিনিধি
জেজেআই মিল পরিদর্শনে গোলাম রসুল, এমপি । ছবি: সংগৃহীত
নওয়াপাড়ায় যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) মিল পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের এমপি গোলাম রসুল। বিগত সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া মিলগুলোর মধ্যে এটি অন্যতম। এক সময় মিলের শ্রমিকদের কর্মব্যস্ততায় ব্যস্ত ছিল রাজঘাটের শিল্প এলাকা। এখন সেটি জনশূন্য ।
বর্তমানে মিলটি আকিজ জুটপার্ক লিস নিয়ে চালাচ্ছে । পরিদর্শনের সময় গোলাম রসুল বলেন, “অভয়নগরের সকল জুট মিলগুলোর ভগ্নদশা আর শ্রমিকদের দুরবস্থার কথা আমি জানি। মিলগুলো পুনরায় চালু করার জন্য সংসদে কথা বলেছি। মিলগুলোতে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান পুনরায় নিশ্চিত করতে এবং অভয়নগরের মিলগুলোর পরিবেশকে আগের মতো বাণিজ্যিকভাবে গড়ে তুলতে আমি সার্বিক চেষ্টা করবো।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেজেআই লিমিটেডের প্রকল্প প্রধান মো. রেজাউল করিম, হিসাব বিভাগ প্রধান জিএম রবিউল ইসলাম, ইকো পার্ক এজিএম মো. আরিফ, প্রজেক্ট ম্যনেজার জুলফিকার আলী, শিল্প পুলিশ ফাঁড়ির ওসি কিরন। এছাড়া জামায়াতে ইসলামির জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমান, অভয়নগর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর সাংগঠনিক সম্পাদক মো. আশিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভয়নগর উপজেলা সভাপতি মো. নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকুঞ্জি এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের যশোর জেলার সাবেক সভাপতি মো. আশিকুজ্জামানসহ অন্যান্যরা।
গোলাম রসুল আরো জানান, জুট মিলগুলো সরকারিভাবে পুনরায় চালুর ফলে কেবল শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, বরং নওয়াপাড়ার অর্থনীতির ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি মিলগুলোকে আধুনিকীকরণের পাশাপাশি শ্রমিকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।
ধ্রুব/এস.আই