নিজস্ব প্রতিবেদক
রোববার (১৭ মে) প্রেসক্লাব যশোর-এ সংবাদ সম্মেলন করেন ফাতেমা খাতুন। ছবি: ধ্রুব নিউজ
যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছ। রোববার (১৭ মে) প্রেসক্লাব যশোর-এ এক সংবাদ সম্মেলনে ফাতেমা খাতুন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনকারী ফাতেমা খাতুন জানান, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী আব্দুস সামাদ ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। বাড়ি ও জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি করে অভিযুক্ত ব্যক্তিরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন সময়ে তাদের পরিবারের সদস্যদের মারধর, খুন-জখমের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনকারী ফাতেমা খাতুন আরও বলেন, সম্প্রতি পৈত্রিক সূত্রে পাওয়া ঘোপ মৌজার আরএস-২৩১৮ দাগের ৫ শতক জমিতে তারা ভবন নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রকাশ্যে হুমকি দেয়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ মে দুপুর ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা তাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এ বিষয়ে প্রতিবাদ করায় প্রতিবেশী আব্দুস সামাদের নাতি রাবিত হাতে ছুরি নিয়ে হামলার চেষ্টা করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনার স্থানীয় একাধিক ব্যক্তি প্রত্যক্ষদর্শী ও সাক্ষী রয়েছেন বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনকারী ফাতেমা খাতুন জানান, এই ঘটনায় তার ভাই শহীদ আল মামুন বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় প্রতিবেশী আব্দুস সামাদ, তার ছেলে রিপন হোসেন এবং দুই নাতি রাবিত ও সোহেল-এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনার পর বেশ কিছু সময় পার হলেও এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনকারী ফাতেমা খাতুনের সাথে আরও উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য মামুন, রাজু এবং সিফাতসহ অন্যান্যরা।