নিজস্ব প্রতিবেদক
দুর্বৃত্তের ধারাল গাছি দা’র কোপে আহত সোহাগ হোসেন ও বাবু। ছবি: সংগৃহীত
যশোর শহরের আরএন রোড এলাকায় দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত রাত সাড়ে বারোটার সময় আরএন রোড জোড়াকুটি সংলগ্ন খোরশেদ আলম ডাক্তারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন— শহরের আরএন রোড এলাকার মো. হারুন খানের ছেলে সোহাগ হোসেন (৩৮) এবং একই এলাকার আজিজের ছেলে বাবু (২৮)। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে কাজ শেষে ফেরার পথে আরএন রোড জোড়াকুটি এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা নিপু (৩২) ও ডুবার (২৫) সহ তাদের সহযোগীরা ভিকটিমদের ওপর হামলা চালায়। এসময় তারা গাছি দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলায় সোহাগ ও বাবু দুজনেরই ডান হাতের কবজির ওপরে গভীর রক্তাক্ত ক্ষত সৃষ্টি হয়।
তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে কর্মরত পুলিশ জানান , আহত দুজনের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। তাদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তবে বর্তমানে তারা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ধ্রুব/এস.আই