বেনাপোল (যশোর) প্রতিনিধি
অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া টহল। ছবি: সংগৃহীত
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
বিজিবি সূত্র জানায়, যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির অধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত পথে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে জন্য দিন-রাত নজরদারি চালানো হচ্ছে।
বিশেষ করে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলট ও গোগা সীমান্ত পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহভাজন চলাচলের ওপরও নজর রাখা হচ্ছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কোনো অপরাধী বা চোরাকারবারি যাতে সীমান্ত ব্যবহার করতে না পারে, সে জন্য বিজিবির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও তৎপরতা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।
ধ্রুব/এস.আই