নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
চৌগাছায় ব্যবসায়ি নেতাদের নামে ১০ লক্ষ টাকা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে হাট ইজারাদার মো. আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে ব্যবসায়ী নেতারা সাংবাদিক সম্মেলন করার পর চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার লেন্টু । অভিযোগে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দিলে প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে ১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকায় ১৪৩৩ সালের জন্য চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারা পান আতিকুর রহমান লেন্টু। ইজারা লাভের পরপরই একটি প্রভাবশালী চক্র তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার কর্মচারীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং খাজনা আদায়ে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ১৪ এপ্রিল থেকে অভিযুক্তরা হাটের কাঁচাবাজার, মাছ বাজার ও ফুটপাত থেকে জোরপূর্বক প্রায় এক লাখ টাকা চাঁদা আদায় করেছে। সর্বশেষ ১৮ এপ্রিল সকাল ৯টার দিকে খাজনা আদায়কারী আরিফুল ইসলাম ওয়াসিম মাছ বাজারে গেলে তাকে গালিগালাজ করা হয় এবং তার রশিদ বই ছিনিয়ে নিয়ে বাজার এলাকা থেকে বের করে দেওয়া হয়। এ সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. শুকুর আলী (৪৫), সহকারি অধ্যাপক হাফিজুর রহমান (৫০), মো. আব্দুর রহিম (৫২), মো. মাসুদ (৪০), মো. উজ্জ্বল হোসেন (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয় আসামিরা ভুক্তভোগীর পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় কুরুচিপূর্ণ কথা বার্তা বলে বেড়াচ্ছে। এতে পরিবারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাফিজুর রহমান দাবি করেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। পূর্বের ব্যবসায়িক বিরোধের জের ধরে এ ধরনের অভিযোগ আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, থানায় ইজারাদার মো. আতিকুর রহমান লেন্টুর লিখিত অভিযোগের আগে ব্যবসায়ি নেতারা গত ২২ এপ্রিল চৌগাছায় সাংবাদিক সম্মেলন করে। এতে লেন্টুর বিরুদ্ধে ব্যবসায়ি নেতাদের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগের নিন্দা করা হয়।
ধ্রুব/এস.আই