নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতের আগে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবি: ধ্রুব নিউজ
যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতের আগে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বিনিময়কালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ব্যক্তিগত জীবনের ইতিবাচক পরিবর্তনগুলো ধরে রাখতে পারলে তা জাতীয় পর্যায়ে বড় ভূমিকা রাখবে। আজ শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতের আগে তিনি এই বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসের শিক্ষা নিয়ে আমরা অনেকেই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেছি। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করতে পারে। তিনি বিশ্বাস করেন, ব্যক্তিগত এই পরিবর্তনগুলো বজায় থাকলে সমাজ ও রাষ্ট্রেও তার প্রতিফলন ঘটবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিশ্ব সংকটের এই সময়ে আমাদের উচিত নিজস্ব মেধা ও অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করা।
তিনি মনে করেন, সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ভূমিকা পালন করা প্রয়োজন। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি উদ্যোগগুলোতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে। দেশের স্থিতিশীলতা রক্ষা এবং সরকারি উদ্যোগগুলোকে সহায়তা করা আমাদের নাগরিক দায়িত্ব, যাতে আমরা সকলে মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি। বক্তব্যের শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমেই একটি মহৎ জীবন এবং সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সর্বস্তরের মানুষের সাথে ঈদের কুশল বিনিময় করেন এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।