বেনাপোল (যশোর) প্রতিনিধি
আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ছবি: ধ্রুব নিউজ
ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মফিজুর রহমানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় দায়ের হওয়া একটি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর–৪) ১৮৬০ সালের দণ্ডবিধির গুরুতর ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
আটক মফিজুর রহমান (৭২) বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, মফিজুর রহমানের নাম ইমিগ্রেশনের 'স্টপলিস্ট'-এ অন্তর্ভুক্ত ছিল না। তিনি গত ১২ ফেব্রুয়ারি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন। শুক্রবার দেশে ফেরার পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।
২০২৫ সালের ৪ মে রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার একটি ভাড়া বাসা থেকে মফিজুর রহমানসহ বেনাপোল ও শার্শার আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই মামলায় তিনি বর্তমানে জামিনে ছিলেন বলে জানা গেছে।