নিজস্ব প্রতিবেদক
বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
যশোর যশোরের তিনটি আদালত বর্জনের কঠোর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় আইনজীবীরা। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির এক জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয়। বর্জনের তালিকায় থাকা আদালতগুলো হলো— ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এবং যুগ্ম জেলা জজ (রাশেদুর রহমান)-এর আদালত। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. এ. গফুর।
সভায় সিনিয়র আইনজীবীরা বিচারকের যোগ্যতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, জামিন পাওয়া বা না পাওয়া নিয়ে তাদের কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই, তবে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ প্রচলিত আইন ও নিয়ম বহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনা করছেন যা বিচারিক পরিবেশের জন্য ক্ষতিকর। এর আগে আইনজীবীরা উক্ত বিচারকের ওপর অনাস্থা জ্ঞাপন করলে বিষয়টি সাময়িকভাবে সমাধান হলেও, একদিন পরই বিচারক পুনরায় বিতর্কিত অবস্থানে ফিরে যাওয়ায় আইনজীবীরা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী, শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, সিনিয়র আইনজীবী জাফর সাদিক, মঈনুল হক খান ময়না এবং সাবেক জিপি সোহেল শামীম।