ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় আধুনিক সড়ক ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছাঃ রনি খাতুন ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলায় আধুনিক সড়ক ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছাঃ রনি খাতুন এই উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে 'রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট'-এর আওতায় মোট ৮ কোটি ৯ লাখ ৭৩ হাজার ২৩৪ টাকা চুক্তিমূল্যে দুটি পৃথক প্যাকেজে এই উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।
প্রকল্পের আওতায় ছুটিপুর (চৌগাছা) রোডে ২.১২৩ কিলোমিটার ও তবিবর বড় মিস্ত্রি রোডে ০.৪৫৩ কিলোমিটার সড়ক ও ড্রেন নির্মাণ করা হবে। মেসার্স শেখ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান আগামী ১৮ মে ২০২৭ তারিখের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা রয়েছে। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী সরদার এবং ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রকল্পের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।