নিজস্ব প্রতিবেদক
যশোরে ৩০ হাজার টাকা মজুরিসহ ১০ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘের মানববন্ধন ছবি: ধ্রুব নিউজ
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে যশোরে আন্দোলন ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা শাখা।
রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ব্যানার নিয়ে বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন এবং শ্রমিকদের অধিকার ও বর্তমান দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বা পে-স্কেল বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। অথচ দেশের শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, অবাধ ট্রেড ইউনিয়ন করার সুযোগ এবং শ্রমিকবান্ধব আইন প্রণয়ন করতে হবে। শুধু সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি নয়, দেশের উৎপাদন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, সেক্রেটারি কৃষ্ণ লাল সরকার, জয়েন্ট সেক্রেটারি কামরুজ্জামান রাজেশ, হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়নের সেক্রেটারি কামাল পারভেজ বুলু, সাবেক প্রচার সম্পাদক আইয়ুব হোসেন, ফরিদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি থেকে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, রেশনিং ব্যবস্থা চালু এবং সংগঠনের ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।