Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

টানা বৃষ্টিতে যশোরে কৃষি বিপর্যয়, দিশেহারা হাজারো কৃষক

❒ ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল আক্রান্ত

এম জামান এম জামান
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৭:১৩ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৭:১৮ পিএম
টানা বৃষ্টিতে যশোরে কৃষি বিপর্যয়, দিশেহারা হাজারো কৃষক

টানা তিন দিনের ভারী বর্ষণে ডুবে গেছে আমন ধানের আবাদি জমি ছবি: ধ্রুব নিউজ

টানা তিন দিনের ভারী বর্ষণ ও অকাল বৃষ্টিতে যশোরের কৃষিতে দেখা দিয়েছে বিপর্যয়। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার আমন ধান, শীতকালীন সবজি ও সরিষার খেত। কোথাও হাঁটুপানিতে ডুবে আছে পাকা ধান, আবার কোথাও মাঠে কেটে রাখা ধান পানিতে ভাসছে। অতিরিক্ত পানিতে পচে যাচ্ছে বাঁধাকপি, ফুলকপিসহ বিভিন্ন শীতকালীন সবজির গাছ। ফসল ঘরে তোলার মৌসুমে এমন দুর্যোগে চরম বিপাকে পড়েছেন জেলার হাজারো কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর যশোর জেলায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে টানা ভারী বর্ষণে ১ হাজার ১৬৬ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। এতে উৎপাদন ও ফসল ঘরে তোলা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে।

জেলার বিভিন্ন এলাকার কৃষিজমিতে বৃষ্টির পানি জমে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আমন ধান ও শীতকালীন সবজি চাষিরা। বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, বেগুন, টমেটো ও পালংশাকসহ বিভিন্ন সবজির খেতে পানি জমে গাছের গোড়া পচে যাচ্ছে। অন্যদিকে, পাকা ধান কাটতে না পেরে অনেক কৃষক জমিতে আটকে পড়েছেন। যেসব কৃষক ধান কেটে মাঠে রেখেছিলেন, তাঁদের ধানও বৃষ্টির পানিতে ভিজে গেছে।

কাশিমপুর গ্রামের কৃষক আনিসুর রহমান জানান, ‘এ বছর ছয় বিঘা জমিতে ধান চাষ করেছি। ধানও খুব ভালো হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে এখন ধানের জমি হাঁটুপানিতে ডুবে আছে। তিন বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছিলাম। সেগুলোও পানিতে ডুবে গেছে। এখন কীভাবে ধান ঘরে তুলব, তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।’

কৃষক আব্দুল জানান, ‘১৫ কাঠা জমির ধান কেটে মাঠে রেখেছিলাম। কিন্তু বৃষ্টির পানিতে সব ডুবে গেছে। এখন শ্রমিক নিয়ে মাঠ থেকে ধান তুলে রাস্তার ওপর রাখছি। পানিতে ভিজে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।’

মধু গ্রামের কৃষক সাকিব হোসেন জানান, তিনি বাঁধাকপি ও ফুলকপির চাষ করেছিলেন। গাছগুলোও বেশ ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে অধিকাংশ গাছের গোড়া পচে গেছে। এতে তাঁর বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষক আমির হোসেন মোল্লা জানান, ‘মাঠের ধান ও সবজি নিয়ে আমরা খুব বিপাকে আছি। ধান কাটার উপযোগী হয়ে গেছে, কিন্তু জমিতে এখন হাঁটুপানি। সবজির অবস্থাও খুব খারাপ। অধিকাংশ সবজির গোড়া পচে গেছে। যারা মাঠে সরিষা রোপণ করেছেন, তাঁদের ফসলও নষ্ট হয়েছে।’

কৃষকদের ভাষ্য- জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ ফসল উৎপাদনে তাঁদের প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয়েছে। কয়েক মাসের পরিশ্রমের পর ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে তাঁদের সব হিসাব-নিকাশ এলোমেলো হয়ে গেছে। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে সারা বছরের আয়ের বড় একটি অংশ হারানোর আশঙ্কা করছেন তাঁরা।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘কৃষকেরা যখন মৌসুমি আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ভারী বর্ষণ হয়েছে। এতে কৃষকদের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সরিষার ক্ষতি তুলনামূলক বেশি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আমরা আগেই কৃষকদের সতর্কবার্তা দিয়েছিলাম। এরপরও অনেকে ধান কাটছিলেন। বৃষ্টির কারণে তাঁদের কিছুটা ক্ষতি হয়েছে।’

তিনি আরও জানান, ভারী বর্ষণে যশোর জেলায় মোট ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬৬ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, বৃষ্টির কারণে শুধু ফসলের ক্ষতিই নয়, মাঠ থেকে ফসল সংগ্রহ ও বাজারজাত করাও কঠিন হয়ে পড়েছে। নিচু জমিতে পানি জমে থাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

যশোরের কৃষি অর্থনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য কৃষক পরিবারের জীবন-জীবিকা। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ, প্রয়োজনীয় কৃষি পরামর্শ এবং সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। এখন আবহাওয়ার উন্নতি, রোদের দেখা পাওয়া এবং জমি থেকে পানি নেমে যাওয়ার অপেক্ষায় রয়েছেন জেলার কৃষকেরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)