নিজস্ব প্রতিবেদক
সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার মধ্য দিয়ে এই নিয়োগ কার্যক্রম শুরু হয় ছবি: ধ্রুব নিউজ
সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিনের কার্যক্রম যশোরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার মধ্য দিয়ে এই নিয়োগ কার্যক্রম শুরু হয়।
যশোরের পুলিশ সুপার এবং জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর সভাপতিত্বে দিনব্যাপী এই যাচাই-বাছাই প্রক্রিয়া পরিচালিত হয়। দিনের শুরুতেই তিনি পুলিশ লাইন্সের মূল ফটকের সামনে উপস্থিত প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ সরেজমিনে পরিদর্শন করেন এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরীক্ষা
চলাকালীন পুলিশ সুপার কিছুক্ষণ পরপর প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। প্রার্থীদের সতর্ক করে তিনি বলেন, "নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে প্রার্থীর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। এ বিষয়ে কোনো দালাল বা প্রতারক চক্রের সাথে কেউ যোগাযোগ করবেন না।"
প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় তিনি আগামীকাল সোমবার নিয়োগের দ্বিতীয় দিনে প্রার্থীদের করণীয় ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।
নিয়োগের প্রথম দিনের এই কার্যক্রমে জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স (ঢাকা) থেকে আগত প্রতিনিধিবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।