ধ্রুব ডেস্ক
ছবি: ধ্রুব নিউজ
পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাশাপাশি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে কলেজ ক্যাম্পাসে এ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কলেজের ‘চেতনায় চিরঞ্জীব ভাস্কর্য’-এর পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নানা প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।